জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও বিস্তৃতভাবে কাজ করবে ফ্রেন্ডশিপ
- আপডেট সময় : ১২:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৫৪৩ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামীতে আরও বিস্তৃতভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরষ্কার ‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’ বিজয়ী সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান।
রুনা খান বলেছেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার জন্য অনেক ক্ষেত্রে সফল হচ্ছে ফ্রেন্ডশিপ। এই সফলতার স্বীকৃতি হিসেবে বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরষ্কার ‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’বিজয়ী হয়েছে সংস্থাটি।
রোববার (২৩ নভেম্বর) ‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’ অর্জন উপলক্ষে ‘গণমাধ্যমের সঙ্গে অভিজ্ঞতা ও মতবিনিময়’ অনুষ্ঠানের আয়োজন করে দেশের অন্যতম সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ। রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের ‘সমন্বিত জলবায়ু অভিযোজন মডেল’ এবং ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ সম্পর্কেও জানান সংস্থাটির প্রতিষ্ঠাতা রুনা খান। তিনি বলেন, দ্য আর্থশট প্রাইজ প্রাপ্তি আমাদের জন্য এক বিরাট সম্মান। এ স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে তুলে ধরেছে আন্তর্জাতিক অঙ্গনে। রুনা খান বলেন, এ অর্জন সবার। বিশেষ করে জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং যাদেরকে নিয়ে আমরা কাজ করি, এ পুরস্কার সে অঙ্গীকার ও দায়িত্বকে আরও শক্তিশালী করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামীতে আরও বিস্তৃতভাবে কাজ চালিয়ে যাবো আমরা।
অনুষ্ঠানে যোগ দেন, ফ্রেন্ডশিপের বাংলাদেশ বোর্ড চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ এবং সংস্থার জেষ্ঠ্য পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ৫ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক আর্থশট ফাউন্ডেশন ২০২৫ সালের ফাইনালিস্টদের তালিকায় ফ্রেন্ডশিপকে মনোনীত করে। সেই ধারাবাহিকতায় গেল ৬ নভেম্বর ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’-এর ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে ফ্রেন্ডশিপকে বিজয়ী ঘোষণা করা হয়। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খানের হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার।





























































