দিনাজপুরে জমি রেজিস্ট্রি না করে প্রতারণার অভিযোগ: থানায় লিখিত অভিযোগ দ্রুত তদন্ত দাবী
- আপডেট সময় : ০৭:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৫৮২ বার পড়া হয়েছে
দিনাজপুরের কোতয়ালী থানায় জমি সংক্রান্ত প্রতারণা, হুমকি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ নুরজামান (৪৮) নামে এক ব্যক্তি।
অভিযোগকারী বিরল উপজেলার নোনাগ্রাম এলাকার বাসিন্দা হলেও বর্তমানে দিনাজপুর কোতয়ালী থানাধীন ঘাসিপাড়ায় বসবাস করছেন। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর দাইপাড়া মৌজায় অবস্থিত প্রায় ৪৭ শতক জমি ক্রয়ের উদ্দেশ্যে অভিযুক্তদের সঙ্গে ২০২৩ সালের ৩১ জানুয়ারি একটি অঙ্গীকারনামা ও অপরিবর্তনীয় আম-মোক্তারনামা দলিল নোটারি পাবলিকের মাধ্যমে সম্পাদন করা হয়।
উক্ত জমির বাজার মূল্য নির্ধারণ করা হয় ১৪ লাখ টাকা। অভিযোগকারী দাবী করেন, চুক্তি অনুযায়ী তিনি জমির কাগজপত্র সংশোধন, খাজনা খারিজ, মাঠপর্চা ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে প্রায় ২০ লাখ টাকার মতো ব্যয় করেন।
তবে পরবর্তীতে অভিযুক্তরা জমিটি রেজিস্ট্রি করে দিতে অস্বীকৃতি জানায় এবং অন্যত্র বিক্রির পরিকল্পনার কথা প্রকাশ করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, চলতি বছরের ১৩ জানুয়ারি বিকালে অভিযুক্তদের বাড়ির সামনে জমি রেজিস্ট্রির বিষয়ে পুনরায় আলোচনা করতে গেলে অভিযোগকারী ও তাঁর সঙ্গে থাকা সাক্ষীদের সঙ্গে অভিযুক্তরা দুর্ব্যবহার করেন এবং প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এই ঘটনায় কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগকারী সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবী জানিয়েছেন। সচেতন মহলের মতে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ ও বিরোধ কমে আসবে।
প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।




























































