প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
দুই বছরের এক শিশুকন্যা আটক (আইসিই) সদস্যদের হাতে

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদস্যদের হাতে দুই বছরের এক শিশুকন্যা আটক হওয়ার ঘটনা ঘটেছে। পরে ব্যাপক সমালোচনার মুখে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবারের আইনজীবী।
সম্প্রতি এলভিস টিপান-এচেভেরিয়া তার দুই বছরের মেয়েকে নিয়ে দোকান থেকে ফেরার পথে আইসিই সদস্যরা তাদের আটক করেন। পরিবারের আইনজীবীদের অভিযোগ, এ সময় আইসিই সদস্যদের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।
আইনজীবীরা আরও জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ওই দিনই শিশুটিকে বাবার সঙ্গে টেক্সাসে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে শিশুটির বাবা এলভিস টিপান-এচেভেরিয়া এখনো আইসিই হেফাজতে রয়েছেন। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন পরিবারের আইনজীবী কিরা কেলি।
আদালতের নথি অনুযায়ী, বাবা ও মেয়ে দুজনই ইকুয়েডরের নাগরিক। শিশুটি নবজাতক অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং তখন থেকেই মিনিয়াপলিসে বসবাস করছে। তার একটি আশ্রয় আবেদন বর্তমানে বিচারাধীন রয়েছে।
এই ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন মিনিয়াপলিসে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান নিয়ে ক্ষোভ বাড়ছে। চলতি সপ্তাহেই মিনিয়াপলিসে নিজ বাড়ির ড্রাইভওয়ে থেকে পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কোনেহো রামোসকে ফেডারেল এজেন্টরা আটক করে। পরে তাকেও বাবার সঙ্গে টেক্সাসের একটি পারিবারিক আটক কেন্দ্রে পাঠানো হয়। তারা দুজন এখনো সেখানে আটক রয়েছেন।
© সর্বস্বত্ব সংরক্ষিত © দেশবর্ণ