নব্বই দশকের জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ-এর নামে সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি সক্রিয়। এগুলো ভুয়া বলে দাবি করেছেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হয়। এ নিয়ে তিনি বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন। মৌ জানিয়েছেন, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। এর বাইরে অন্যকোনো আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক মাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই। মৌ বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের অনুরোধ করছি, এ ধরনের অপপ্রচার বন্ধ করুন।
আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেয়া আইনত অপরাধ। ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে মৌ সতর্ক করে বলেন, ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছেন, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তাই হবে।