মোঃ মনির মন্ডল,সাভারঃ
আশুলিয়ায় কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পুড়িয়া হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য দুই লাখ দশ হাজার টাকা।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত ঢাকা জেলা (উত্তর) ডিবি অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম।
এর আগে শনিবার রাতে আশুলিয়ার কাঁঠালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার পলাশবাড়ী গোচারটেক এলাকার মোঃ আলমাছ তালুকদারের ছেলে জসিম তালুকদার (৩৮), ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসুফি এলাকার আলী একাব্বারের ছেলে আকবর হোসেন (৩২), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঁচামারা এলাকার আফজাল হোসেনের ছেলে রেজাউল করিম (২৪) এবং নেত্রকোনা সদর উপজেলার বরবাট্টা এলাকার মৃত ওমর আলীর ছেলে নাজমুল হক (২৫)।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭০ গ্রাম ওজনের ৭০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।