দুঃসময়ের কর্মীদের নিয়েই ছাত্রদল গড়তে চান মির্জা শাকিল
- আপডেট সময় : ১০:০০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 57
দুঃসময়ের কর্মীদের নিয়েই ছাত্রদল গড়তে চান মির্জা শাকিল
সাত দিন ধরে নিখোঁজ থাকার পর ফিরে আসা ছাত্রদল নেতা মির্জা শাকিল বলেছেন, দলের সুসময়ে নয়, বরং দুঃসময়ে যারা পাশে ছিল তারাই প্রকৃত কর্মী এবং তারাই পদ-পদবীর যোগ্য।
জামালপুরের মেলান্দহ উপজেলার কৃতি সন্তান মির্জা শাকিল জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, “আমি তখন উত্তরা পূর্ব থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। ওই সময় আমাকে ডিবি তুলে নিয়ে যায়, সাত দিন গুম করে রাখে এবং নির্যাতন করে আমার পা ভেঙে দেয়। পরে আবার গুলিবিদ্ধ হই। এরপর ৮৭ দিন কারাগারে থাকতে হয়—সবই ছাত্রদল করার কারণে।”
বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ দায়িত্ব পাওয়ায় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “পদ-পদবি আমার কাছে বড় নয়, মানুষের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়। মানুষের ভালোবাসাতেই আমি নতুন জীবন ফিরে পেয়েছি।”
মির্জা শাকিল আরও বলেন, “যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, কোনো কাজ করেনি—তারা যেন কোনোভাবে পদ-পদবীতে আসতে না পারে। আমি চাই, যারা কঠিন সময়ে দলের জন্য কাজ করেছে, তারাই নেতৃত্বে আসুক।”
তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ছাত্রদলের নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।”
দল গঠনের বিষয়ে তিনি বলেন, “আমি জিয়ার আদর্শে বিশ্বাসী ত্যাগী কর্মীদের নিয়েই ছাত্রদল গড়ে তুলতে চাই। দলে কোনো হাইব্রিড চলবে না। ছাত্রদল করতে হলে জিয়ার সৈনিক হতে হবে।”
সবশেষে তিনি বলেন, “আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জিয়া পরিবারের পাশে থাকব—এটাই আমার অঙ্গীকার।”




























































