বাংলাদেশকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ আখ্যা দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৯:৫৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 116
মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপ প্রতিনিধি।
স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্টের শুভেচ্ছা। আজ( ২৬ মার্চ) বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
প্রেসিডেন্ট অফিস থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। , তিনি মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।
পৃথক বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু উল্লেখ করেন, এ বছর মালদ্বীপ ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৮তম বার্ষিকীও পালিত হচ্ছে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা এই দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চ পর্যায়ের সম্পৃক্ততা ও প্রাণবন্ত জনসম্পর্কের মাধ্যমে ক্রমেই আরও গভীর হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান সহযোগিতার ধারা ভবিষ্যতে উভয় দেশের জন্য আরও বৃহত্তর সুফল বয়ে আনবে।
প্রেসিডেন্ট মুইজ্জু আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের সাংস্কৃতিক সখ্যতা ও জনগণের পারস্পরিক যোগাযোগ এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
এছাড়া বাণিজ্য, মানব উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মালদ্বীপের উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।
বার্তার শেষে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ড. মুইজ্জু তাঁর অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক অ্যাকাউন্টেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

























































