ট্রাম্পের আহ্বানে তেমন সাড়া দেননি বিশ্ব নেতারা।
- আপডেট সময় : ০৫:৩৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 38
হরমুজ প্রণালিতে জাহাজ রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে তেমন সাড়া দেননি বিশ্ব নেতারা।
ট্রাম্প বাণিজ্যিক জাহাজ রক্ষা এবং বিশ্বজুড়ে তেল সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে তার এই আহ্বানে দেশগুলোর পক্ষ থেকে খুব একটা উৎসাহ দেখা যায়নি।
ট্রাম্প গত শনিবার ব্রিটেন, চীন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশকে জাহাজ পাঠানোর অনুরোধ করেন।
পরে তিনি সতর্ক করে বলেন, জাহাজ চলাচল নিরাপদ করতে ব্যর্থ হলে তা নেটোর ভবিষ্যতের জন্য “খুবই খারাপ” হবে।
ট্রাম্পের আহ্বানে দেশগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে তা নিচে দেওয়া হলো-
যুক্তরাজ্য: প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তারা মিত্রদের সঙ্গে একটি কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এটি নেটোর কোনো অভিযান হবে না।
জার্মানি: দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, “এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি।
দক্ষিণ কোরিয়া: দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়ে আমেরিকার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবে এবং বিষয়টি গভীরভাবে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে।
জাপান: জাপানি প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি পার্লামেন্টে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারা সেখানে কোনো নৌ-নিরাপত্তা অভিযান চালানোর কথা ভাবছেন না।
অস্ট্রেলিয়া: দেশটির মন্ত্রিসভার সদস্য ক্যাথরিন কিং হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।
চীন: ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র ট্রাম্পের অনুরোধ গ্রহণ করবেন কি না সে বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে তিনি উল্লেখ করেছেন, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সব পক্ষেরই দায়িত্ব।
সূত্র: বিবিসি বাংলা





























































