কুরআন শিখিয়ে ব্যাংকার থেকে টাকা নেয়া যাবে কী না?
- আপডেট সময় : ০৯:৫২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 42
কুরআন শিখিয়ে ব্যাংকার থেকে টাকা নেয়া যাবে কী না?
প্রশ্ন
আমি একজন মহিলাকে প্রতিদিন পড়াব। এর বিনিময়ে তিনি আমাকে প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়ার কথা। তার স্বামী ব্যাংকে চাকরি করেন। স্বামীর বেতন থেকেই তিনি আমাকে এ টাকা দেবেন।
আমার জানার বিষয় হল, এ অবস্থায় কি তার কাছ থেকে বেতন গ্রহণ করা আমার জন্য বৈধ হবে?
আমার সন্দেহের জায়গাটা হচ্ছে, মালিকানা পরিবর্তন হওয়ার কারণে কি এ টাকার হাইছিয়্যত পরিবর্তন হয়ে যাবে না? لك صدقة ولنا هدية এর মতো এক্ষেত্রেও কি এটাকে হালাল বলা যেতে পারে না? অনুগ্রহ করে স্পষ্টভাবে জানাবেন।
আর যদি তার অন্য কোনো হালাল ইনকাম থাকে (থাকলেও সেটা হয়ত খুব সামান্যই হয়ে থাকবে) সেক্ষেত্রে কি হুকুমে কোনো পরিবর্তন আসবে?
বিষয়টি নিয়ে খুব পেরেশানীতে ভুগছি। তাকে পড়ানো না পড়ানোর সিদ্ধান্ত এটার ওপর নির্ভর করছে। অনুগ্রহ করে দ্রুত জানাবেন। জাযাকুমুল্লাহু খায়রান।
উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনি নিশ্চিতভাবেই জানেন যে, ব্যাংকের চাকুরি থেকে প্রাপ্ত আয় থেকেই আপনাকে বেতন দেওয়া হবে, তাই আপনার জন্য তা গ্রহণ করা বৈধ হবে না। কোনো টাকার বিষয়ে যদি নিশ্চিতভাবে জানা থাকে যে, তা হারামভাবে অর্জিত, তবে তা কোনো শ্রম বা পণ্যের বিনিময় হিসেবে গ্রহণ করাও বৈধ নয়।
আর যদি তাদের হালাল আয়ও থাকে এবং আপনাকে সরাসরি হালাল অর্থ থেকেই পারিশ্রমিক প্রদান করে, তাহলে আপনি তা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি তাকে বিষয়টি এভাবে বুঝিয়ে দেবেন, যেন সে সব সময় তার হালাল আয় থেকেই আপনার বেতন প্রদান করে।































































