ছোটোবেলা থেকে শখ ছিলো দালানে বসবাস করা, ২৩ বছর পর্যন্ত গড়লেন শখের দোতলা বাড়ি
- আপডেট সময় : ০৬:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 70
ডেস্ক নিউজ।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে গড়ে উঠেছে এক অদ্ভুত ও ব্যতিক্রমী দালান। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘নমে টাওয়ার’ নামে। আর এই দুই তলা বাড়িটির একমাত্র কারিগর ও মালিক হলেন সৌখিন ও রুচিসম্পন্ন এক বৃদ্ধ, যার নাম রহিম বক্স।
পেশায় ভিক্ষুক হলেও রহিম বক্সের স্বপ্ন ছিল আকাশছোঁয়া। সমাজে বিত্তশালীদের মতো বিলাসী জীবন কাটানোর তীব্র ইচ্ছা থেকেই দীর্ঘ ২৩ বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি এই বাড়িটি গড়ে তুলেছেন। নিজেই মিস্ত্রি এবং নিজেই শ্রমিক হয়ে কুড়িয়ে পাওয়া ইট, সিমেন্ট ও বালু দিয়ে অল্প অল্প করে এই বাড়িটি নির্মাণ করেছেন তিনি।
রহিম বক্স জানান, তার স্ত্রী অনেক বছর আগেই মারা গেছেন । তার একমাত্র ছেলে একজন দিনমজুর। ছেলের পরিবারে থাকার সুযোগ থাকলেও তিনি তা নাকচ করে নিজের স্বাধীন ও স্বপ্নের এই দোতলা বাড়িতেই থাকতে পছন্দ করেন। ভিক্ষাবৃত্তি এবং হাঁস-মুরগি পালনের মাধ্যমে অর্জিত সামান্য টাকা জমিয়ে তিনি বাড়ির প্রতিটি নির্মাণ সামগ্রী নিজের টাকায় কিনেছেন।
বাড়িটির নিচতলায় রয়েছে দুটি ছোট রুম এবং উপরতলায় একটি থাকার ঘর। নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে ঘরের মেঝে ও দেয়ালে টাইলস বসিয়ে মনের মতো করে সাজিয়েছেন তিনি।
তবে বাড়িটির অবস্থান সরকারি জায়গায় হওয়ায় প্রশাসন থেকে কয়েকবার এটি উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল। কিন্তু উচ্ছেদকারী কর্মকর্তারা এলেই রহিম বক্স ছাদে উঠে বসে থাকতেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তাকে “পাগল” ভেবে এবং তার এই আবেগ দেখে পরবর্তীতে আর কেউ ঘরটি ভাঙার সাহস করেনি।











