বামনায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
- আপডেট সময় : ১২:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 85
বামনায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর
বামনা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বামনা উপজেলার ৩ নম্বর রামনা ইউনিয়নের উত্তর রামনা গ্রামে মোসা. আজমীন বেগম (২৬) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উত্তর রামনা গ্রামের মো. ওবায়দুল ইসলাম জোমাদ্দারের স্ত্রী এবং পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকার লিটন পহলানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে পারিবারিক অভিমানের জেরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন তার স্বামী বাজারে গেলে ঘরের ভেতরে এ ঘটনা ঘটে বলে তারা ধারণা করছেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান জানান, “ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”


































