নেত্রকোনায় এনসিপির পদযাত্রা ও জনসভায় অংশগ্রহণকারীদের বাড়িতে হামলা, থানায় এজাহার ও চিকিৎসাধীন ১
- আপডেট সময় : ১১:১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 7
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা।
নেত্রকোনায় রাজনৈতিক দল এনসিপির ‘জুলাই পদযাত্রা ও জনসভা’য় অংশ নেওয়ার জেরে অংশগ্রহণকারীদের বাড়িতে হামলা, মারধর এবং পরবর্তী সময়ে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সোহাগ মিয়া প্রীতম বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় এজাহারটি দায়ের করেন। ঘটনার বিবরণ ও এজাহার সূত্রে, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে নেত্রকোনা কালেক্টরেট মাঠে রাজনৈতিক দল এনসিপির ‘জুলাই পদযাত্রা ও জনসভা’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জেরে নেত্রকোনা পৌরসভার পূর্বচকপাড়া নূর মসজিদ এলাকা থেকে অংশ নেওয়া নারী-পুরুষদের বাড়িতে গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত হানা দেয়। এ সময় তাদের হুমকি প্রদান ও নিরীহ মানুষের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।এই সংবাদ পেয়ে গত ২৭ জুলাই আনুমানিক রাত ৯টায় এনসিপির ৫-৬ জন রাজনৈতিক নেতাকর্মী নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে আলোচনা শেষে ভুক্তভোগী মানুষদের অভয় দিতে এলাকায় যান। পরে ভুক্তভোগীদের সাথে আলোচনা করে ফেরার পথে স্থানীয় এক নারী রুমা আক্তারের (৪০) অনুরোধে তাঁর ঘরে প্রবেশ করার সাথে সাথেই অতর্কিত হামলা চালানো হয়।অভিযোগ রয়েছে, আফাজ উদ্দিন খান চন্দন ও ইসলাম উদ্দিন খান চঞ্চল-এর নেতৃত্বে লাক মিয়া, মোবারক, রাব্বি, শিমুল, হীরা, হেনা এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালায়।
এই হামলায় বাদী মো. সোহাগ মিয়া প্রীতম গুরুতর জখম হন। তাঁর শরীর, মাথা, চোখ, ঘাড়, পিঠ ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রেস ক্লাবের সামনে মুক্তারপাড়ায় একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ও ভুক্তভোগীরা।
বিশেষ দ্রষ্টব্য: উক্ত সংবাদটি একটি পক্ষের লিখিত অভিযোগ ও সূত্রের ভিত্তিতে তৈরি করা হয়েছে। পরবর্তীতে বিবাদী পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সাথে প্রকাশ করা হবে।































