পশ্চিমবঙ্গ রাজ্যে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা
- আপডেট সময় : ০১:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ৫৩৫ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা দিয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক।
তিনি বলেছেন, মুর্শিদাবাদে আগামী ৬ ডিসেম্বর ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের নাম হুমায়ুন কবির।
তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগও তুলেছে বিজেপি।
তবে পাল্টা প্রশ্ন তুলে কংগ্রেস বলেছে, মসজিদ বানানোতে দোষের কী আছে? রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমধ্যিমটি বলছে, আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির।
মূলত ওই দিনটিই অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী। আর এ ঘোষণার পরই রাজ্যটিতে ‘ব্যাপক রাজনৈতিক বিতর্ক’ তৈরি হয়েছে।
কংগ্রেস সংসদ সদস্য সুরেন্দ্র রাজপুত বলেন, কেউ যদি মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ বানায়, এতে বিতর্কের কী আছে? কেন বিষয়টিকে অযথা বিতর্কিত করা হচ্ছে? প্রত্যেকেই তাদের উপাসনালয় নির্মাণের অধিকার রাখে।”
এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও। সংগঠনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, সম্ভবত তারা বুঝতে পারছেন না যে একবার যেখানে মসজিদ তৈরি হয়, সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে।
ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনোই মুছে যাবে না।





























































