হরমুজ প্রণালির টোল দিতে হবে ইরানি মুদ্রায়
- আপডেট সময় : ০৫:১৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 166
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন একটি নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ইরান।
দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, এই প্রণালি পার হওয়ার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা ‘রিয়াল’-এ পরিশোধ করতে হবে।
শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই সংসদীয় প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য কমিয়ে আনা। অতীতে আমেরিকা ও ইসরাইলের সঙ্গে উত্তেজনার পর ইরান যখন এই জলপথে কার্যক্রম সীমিত করেছিল, তখন তারা এক ধরনের অস্থায়ী ‘টোল’ ব্যবস্থা চালু করে।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেই সময় অনেক বাণিজ্যিক জাহাজ থেকে চীনা মুদ্রা ‘ইউয়ান’-এ শুল্ক আদায় করা হয়েছিল। লয়েডস লিস্টের তথ্যমতে, গত ২৫ মার্চের মধ্যে অন্তত দুটি বড় জাহাজ ডলারের বদলে ইউয়ানে তাদের পাওনা পরিশোধ করেছে।
এখন ইরান ও চীন মিলে বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাব কমানোর জন্য আরও সক্রিয়ভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে এই প্রণালিতে রিয়াল ব্যবহারের প্রস্তাবটি আনা হয়েছে।
সূত্র: আল-জাজিরা

































