স্ত্রীর স্বীকৃতির দাবিতে লালমোহনে সাভারের তরুণীর অনশন
- আপডেট সময় : ০৫:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ৫১১ বার পড়া হয়েছে
মো মামুন হাজী লালমোহন
ভোলার লালমোহনে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন সাভার থেকে আসা পারভীন নামের এক নারী। অভিযুক্ত স্বামীর নাম সবুজ, তিনি লালমোহন উপজেলার বাসিন্দা এবং সালাউদ্দিনের ছেলে। ভুক্তভোগী নারীর অভিযোগ, সবুজ তাকে বিয়ের নামে বারবার ধোঁকা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগী পারভীন জানান, ২০২৪ সালে সবুজের সাথে তার প্রথম বিয়ে হয়। বিয়ের সময় সবুজ দাবি করেছিলেন তার প্রথম স্ত্রী ক্যান্সারে মারা গেছেন। বিয়ের ১১ মাস পর সবুজ তাকে ডিভোর্স দেন। পরবর্তীতে আইনি ব্যবস্থার দিকে পা বাড়ালে সবুজ সংসার করার প্রতিশ্রুতি দিয়ে তাকে মামলা থেকে বিরত রাখেন।
পারভীনের দাবি অনুযায়ী, গত ২৮ জানুয়ারি সবুজ পুনরায় সাভারে তার বাড়িতে যান এবং শরিয়ত ও আইনি পন্থায় (কোর্ট ম্যারেজ) দ্বিতীয়বার তাকে বিয়ে করেন। বিয়ের পর তিন দিন একসাথে থাকার পর সবুজ কৌশলে এলাকা ছেড়ে পালিয়ে লালমোহনে চলে আসেন এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
বিভিন্ন সময়ে কিস্তিতে সবুজ তার কাছ থেকে প্রায় ২ লাখ ৬৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
এমনকি ডিভোর্স দেওয়ার পরবর্তী ৪ মাসেও তিনি সবুজকে ৪৩ হাজার টাকা দিয়েছেন।
সবুজ তাকে বাজারে জনসম্মুখে মারধর করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
”আমি সরল বিশ্বাসে ওকে টাকা দিয়েছি, বারবার বিয়ে করে ও আমাকে ধোঁকা দিচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং স্ত্রীর মর্যাদা নিয়ে ঘরে তুলতে চাই।” — ভুক্তভোগী নারী।
























































