মদনে গাঁজা সেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ জনের কারাদণ্ড
- আপডেট সময় : ০৫:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 2
মোঃরাসেল আহমেদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি।
নেত্রকোনার মদন উপজেলায় গাঁজা সেবন ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) মদন থানার এসআই হাসানুর রহমানের নেতৃত্বে এএসআই মাহফুজ রহমান, কনস্টেবল ফরিদুল ইসলাম ও কনস্টেবল সাইদুর রহমানের সমন্বয়ে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— বাঘমারা গ্রামের রোমান (২২), পিতা: মো. ভুলু মিয়া; মো. কামরুল (৩৮), পিতা: আতিকুর রহমান; এবং বিশাল (২২), পিতা: অপ্পান।
পরে আটক ব্যক্তিদের মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওলিন নাহারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে।



































