মির্জা আব্বাসের খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৭:৫০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 8
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, “উনাকে (মির্জা আব্বাস) হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে নিয়মিত অবহিত করা হচ্ছে।”
মির্জা আব্বাসের সুচিকিৎসা নিশ্চিতে ইতোমধ্যে দেশের জ্যেষ্ঠ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে রয়েছেন— অধ্যাপক আলী উজ্জামান, অধ্যাপক শেখ আবদুল কাদের, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অধ্যাপক সাঈদ আহমেদ এবং অধ্যাপক জাফর ইকবাল। মেডিকেল বোর্ডের বৈঠক চলাকালে অনলাইনে যুক্ত থাকছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে দেশের বাইরে নেওয়ারও সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। অধ্যাপক জাহিদ হোসেন জানান, “উনাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের নিউরো বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ এবং ভর্তির যাবতীয় কাজ ঠিক করে রাখা হয়েছে। পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত আছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।”
এর আগে, গতকাল রাতে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তারা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার সহধর্মিণী ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সমাজকল্যাণ মন্ত্রীও বলেন, “সবাই উনার জন্য দোয়া করবেন।”


























































