তারেক রহমানের দিনাজপুর আগমন ঘিরে জেলা বিএনপির জরুরি প্রস্তুতি সভা; নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ অঙ্গীকার
- আপডেট সময় : ১২:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 44
মোঃ আইনুল ইসলাম
দিনাজপুর প্রতিনিধি,দেশবর্ণ নিউজ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিনাজপুর আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে একটি জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর জেলা শহরের বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
সভায় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিনি আরও বলেন, জনাব তারেক রহমানও কথার চেয়ে কাজে বিশ্বাসী একজন নেতৃত্ব। নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সবার প্রিয় মাতৃভূমি এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করতে হবে। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলকে অগ্রিম ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ মোকারম হোসেন, সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি দিনাজপুর; সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল; এবং তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু। এছাড়াও বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-নেত্রী এবং সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
এছাড়াও সভায় উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তারেক রহমানের সম্ভাব্য দিনাজপুর সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জরুরি এ সভায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং প্রয়োজনীয় সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে নেতাকর্মীরা তারেক রহমানের দিনাজপুর সফরকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।— দিনাজপুর জেলা বিএনপি।


























































