আজ সারাদেশে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর
- আপডেট সময় : ০৫:৫০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 35
পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ সোমবার। এদিন সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে পবিত্র শবে কদর পালিত হবে।
হাদিস অনুযায়ী, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতে কদর হতে পারে। তবে ২৬ রমজান দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত।
ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে মহানবি হজরত মোহাম্মদ (সা.)-এর উম্মাতদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত। মহাপবিত্র কুরআনের বর্ণনা অনুসারে আল্লাহ এই রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং এই একটি মাত্র রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
মুসলমানদের কাছে শবেকদর এমন মহিমান্বিত বরকতময় এবং বৈশিষ্ট্যমণ্ডিত এ জন্য যে, এ রজনীতে মুসলমানদের পবিত্র গ্রন্থ ‘আল-কুরআন’ অবতীর্ণ হয়েছে। আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন- নিশ্চয়ই আমি তা (কুরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কী জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ (সুরা আল-কদর)।
এ রাতে জিকির-আসকার, ইবাদত-বন্দেগি ও কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে থাকেন।































































